জয়পুরহাটের ক্ষেতলালে মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি আবুল হায়াত। শুক্রবার (১০ জুলাই) পুলিশি পাহারায় হাতকড়া পরা অবস্থায় তিনি মায়ের জানাজায় অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে আবার জয়পুরহাট জেলা কারাগারে নেওয়া হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মা মনোয়ারা বেগমের (৬২) জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। আবুল হায়াত আলমপুর গ্রামের আজিজার রহমান পুকরার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হায়াত দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্রের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়ে তিনি প্রায় এক বছর ধরে জয়পুরহাট জেলা কারাগারে বন্দি আছেন।
মায়ের মৃত্যুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়। পুলিশি প্রহরায় তিনি বাড়িতে গিয়ে মায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং জানাজা ও দাফন সম্পন্ন করেন। পুরো সময় তার হাতে হাতকড়া ছিল। নিরাপত্তার স্বার্থে হাতকড়ার সঙ্গে দড়ি সংযুক্ত করে তাকে পুলিশের নিয়ন্ত্রণে রাখা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে আবুল হায়াতকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। তিনি পুলিশি নিরাপত্তায় মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে পুনরায় জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি