সাভারের বিরুলিয়া ও খাগান এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে মিরপুর ১ নম্বর থেকে খাগান পর্যন্ত বিশেষ পরিবহন সেবা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে কম ভাড়া। সকাল থেকে রাত পর্যন্ত এই রুটে ৫০টি যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন পরিবহন সেবায় মিরপুর ১ নম্বর থেকে খাগান পর্যন্ত সাধারণ যাত্রীদের ভাড়া ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থীরা একই পথে যাতায়াত করবেন ৩৫ টাকায়। অর্থাৎ সাধারণ ভাড়ার তুলনায় শিক্ষার্থীদের জন্য ১০ টাকা ছাড় রাখা হয়েছে।
বিরুলিয়া ও খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করছেন।
শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে এ এলাকায় গণপরিবহনের সংকটে ভুগছিলেন। পর্যাপ্ত সরাসরি যানবাহন না থাকায় অনেকেই অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহনের ওপর নির্ভর করতেন। এতে সময় ও খরচ—দুই-ই বেশি হতো।
শিক্ষার্থীদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত যানবাহন না থাকায় প্রতিদিনই বাড়তি সময় ব্যয় করতে হতো। বিশেষ করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খাগান পর্যন্ত সরাসরি পরিবহন না থাকায় ভোগান্তি আরও বাড়ত।
নতুন সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস ইসলাম বলেন, ‘এই রুটে নিয়মিত যানবাহন পাওয়া যেত না। অটোরিকশায় যাতায়াতে খরচও বেশি হতো। স্টুডেন্ট ভাড়ায় নতুন পরিবহন চালু হওয়ায় আমাদের জন্য বেশ সুবিধা হয়েছে।’
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মাইনুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য আগে অনেক সময় গাড়ির অপেক্ষায় থাকতে হতো। নতুন পরিবহনটি নিয়মিত চলাচল করলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমবে।’
সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়ালিদ নাইম বলেন, ‘মিরপুর থেকে খাগান পর্যন্ত ৩৫ টাকা ভাড়ায় যাতায়াত করা শিক্ষার্থীদের জন্য স্বস্তির। তবে সার্ভিসটি যেন নিয়মিত ও নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হয়, সেটাই আমাদের প্রত্যাশা।’
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই সাধারণ ভাড়ার চেয়ে কম রাখা হয়েছে স্টুডেন্ট ভাড়া। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহনে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে ৫০টি যানবাহন পরিচালনার পরিকল্পনা রয়েছে।
পরিবহন পরিচালক গোলাম রসুল পারভেজ বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার বিষয়টি মাথায় রেখেই এই পরিবহন সেবা চালু করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ৫০টি যানবাহন চালানোর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা যাতে কম খরচে ও সহজে যাতায়াত করতে পারেন, সেটিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
শিক্ষার্থীরা আশা করছেন, নতুন এই পরিবহন সেবা নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হলে মিরপুর থেকে বিরুলিয়া ও খাগান এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
আমার বাঙলা/ রাব্বি