নীলফামারী সরকারি খাদ্য গুদামে সরকার নির্ধারিত মজুরি প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে শ্রমিকরা অভিযোগ করেন, সরকারি নির্ধারিত মজুরি অনুযায়ী একজন শ্রমিককে চালের বস্তা ওঠানো-নামানোর জন্য ১৫০ টাকা এবং প্রতি টন ধান ওঠানো-নামানোর জন্য ২৫০ টাকা দেওয়ার কথা। তবে বাস্তবে তাদের যথাক্রমে ৪৭ টাকা ও ১০০ টাকা করে দেওয়া হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান খালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এটিএম খালেকুজ্জামান সরকারি নির্ধারিত নিয়ম উপেক্ষা করে ইচ্ছেমতো মজুরি পরিশোধ করছেন। এ বিষয়ে প্রতিবাদ করায় ঠিকাদারের অধীনস্থ কয়েকজন ব্যক্তি তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।
স্মারকলিপি প্রদানকালে মো. তহিদুল, মো. দুলাল হোসেন, আজিজুল, মো. বাবুল হোসেন, মো. মোশাররফ হোসেন ও মো. দুলুসহ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এটিএম খালেকুজ্জামান। তিনি বলেন, সরকারি বিধি অনুযায়ী খাদ্য গুদামের তালিকাভুক্ত শ্রমিকরা কাজ করছেন এবং নিয়ম মেনেই তাদের মজুরি পরিশোধ করা হচ্ছে। যারা মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন, তাদের অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।
পরে শ্রমিকরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। অতিরিক্ত জেলা প্রশাসক নুজহাত তাসনীম আওন স্মারকলিপিটি গ্রহণ করেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক সৈয়দ আতিকুল হক বলেন, বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বাঙলা/ রাব্বি