বাগেরহাটের মোল্লাহাটে বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জনের মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল মানুষের কর্মসংস্থানের জন্য ৫০টি পায়ে চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মোল্লাহাট কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব হুইলচেয়ার ও ভ্যান বিতরণ করা হয়। গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী, প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামাল উদ্দীন ও মহাসচিব মো. আক্তারুজ্জামান।
বাংলাদেশ খেলাফত মজলিসের মোল্লাহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. আনিসুর রহমান। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শুধু সহায়তা নয়, মানুষকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগও নিতে হবে।
তিনি বলেন, পায়ে চালিত ভ্যান পাওয়া অসচ্ছল মানুষগুলো এর মাধ্যমে নিয়মিত আয় করে নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারবেন—এটাই প্রত্যাশা। একইভাবে একটি হুইলচেয়ার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের চলাচলের স্বাধীনতা বাড়াতে পারে।
অনুষ্ঠানে বক্তারা গরিব ও এতিম ট্রাস্ট ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আমার বাঙলা/ রাব্বি