যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিট। বর্তমানে এ ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন পুনরায় চালু করা হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ১ নম্বর ইউনিটের একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি শনাক্ত করে মেরামতের কাজ শেষ হলে শনিবার সকালে পুনরায় উৎপাদন শুরু করা হয়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিট বর্তমানে চালু রয়েছে এবং সেখান থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।
ফলে বর্তমানে কেন্দ্রটির ১ ও ৩ নম্বর ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ দিয়েই জাতীয় গ্রিডে সরবরাহ অব্যাহত রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি