নীলফামারীতে ফ্যামিলি কার্ডের জরিপকাজে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে মেধার ভিত্তিতে নির্বাচন এবং সদ্য প্রকাশিত তালিকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সুপারিশে স্থান পাওয়া ব্যক্তিদের বাদ দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ‘সকল স্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে নীলফামারী সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের জরিপকাজের জন্য প্রকাশিত তালিকা পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব বোরহান আহমেদ, যুগ্ম আহ্বায়ক রইসুল ইসলাম অম্লান ও ইনসাফ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন।
মানববন্ধনে আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের জরিপকাজের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নির্বাচনে পরীক্ষা নেওয়া হলেও মেধার ভিত্তিতে যোগ্যদের তালিকায় রাখা হয়নি। তার দাবি, সুপারিশের ভিত্তিতে অধিকাংশ প্রার্থীকে তালিকায় স্থান দেওয়া হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও রয়েছেন। তাই সুপারিশের ভিত্তিতে নির্বাচিতদের বাদ দিয়ে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
আমার বাঙলা/ রাব্বি