চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দিয়াড় ধাইনগর লাওঘাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা একটি মামলা নিয়ে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে অভিযুক্ত মাসুদ রানা ১০-১২ জন সহযোগীকে নিয়ে এক ব্যবসায়ীর পথরোধ করেন। অভিযোগে বলা হয়, এ সময় ভুক্তভোগীর কাছে থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর করে হত্যাচেষ্টারও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি থানায় মামলা দায়ের করেন।
অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী প্রধান শিক্ষক মাসুদ রানার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আশিক ইকবাল (সুজন) জানান, মামলাটি বর্তমানে ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বাঙলা/ রাব্বি