বিয়ে ও চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে প্রতারণামূলকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন এবং নির্যাতনের অভিযোগে তেলেগু চলচ্চিত্রের পরিচিত পরিচালক পবন সাদিনেনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হায়দরাবাদের গোলকোন্ডা থানায় এক নারীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে হাজির করা হলে তাকে বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অভিযোগকারী নারীর দাবি, এক বছরেরও বেশি সময় ধরে পবন সাদিনেনির সঙ্গে তার সম্পর্ক ছিল। শুরুতে তিনি একটি সিনেমা পরিচালনার পরিকল্পনা করলে পবন সেটি প্রযোজনা করার পাশাপাশি তার স্বাস্থ্য, ক্যারিয়ার ও আর্থিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে ওই নারী জানতে পারেন, পবন বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। তবে নিজের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং আইনি জটিলতা শেষ হলে তাকে বিয়ে করবেন—এমন আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, একপর্যায়ে ওই সম্পর্ক জোরপূর্বক যৌন সম্পর্কে রূপ নেয়। তিনি শারীরিক অসুস্থতা ও প্যানিক অ্যাটাকের কথা জানালেও পবন তাকে যৌন সম্পর্কে বাধ্য করতেন বলে দাবি করেছেন।
এ ছাড়া ভিডিও কলে যৌন কার্যকলাপে বাধ্য করা এবং এসব ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি বা আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেছেন ওই নারী।
অভিযোগ অনুযায়ী, গত ৫ আগস্ট বিকেলে পবনের নিজ বাড়িতে ওই নারীর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এলোপাতাড়ি কিল-ঘুষির একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার মুখ ও চোখ ফুলে যাওয়ার পাশাপাশি পিঠ ও মাথায় আঘাত লাগে।
ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোলকোন্ডা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৯ ধারায় প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপন এবং ১১৫(২) ধারায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা করা হয়েছে।
২০১৩ সালে ‘প্রেম ইশক কাদাল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় পবন সাদিনেনির। এরপর তিনি ‘সাবিত্রী’ সিনেমা এবং ২০২৩ সালে প্রশংসিত ওয়েব সিরিজ ‘দয়া’ পরিচালনা করেন। বর্তমানে দুলকার সালমান, পূজা হেগড়ে ও শ্রুতি হাসান অভিনীত ‘আকাশম লো ওকা তারা’ সিনেমার পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
পরিচালকের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর তেলেগু চলচ্চিত্র অঙ্গনে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে পবন সাদিনেনি বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমার বাঙলা/ রাব্বি