বঙ্গভবনে নিজের শেষ কর্মদিবস সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে এক বিদায়সংবর্ধনা ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় ত্যাগ করেন।
বিদায়বেলায় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি অভিবাদন গ্রহণ করেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্টের কার্যালয়ের সামরিক ও বেসামরিক সচিবদের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বঙ্গভবন ত্যাগের প্রাক্কালে হাফিজ উদ্দিন আহমদ দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। পরবর্তীতে রাষ্ট্রীয় প্রটোকল মেনে তিনি বঙ্গভবন এলাকা ত্যাগ করেন।
এদিকে সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। নির্বাচন কমিশনও ফলাফল ঘোষণা করে তাঁকে বিজয়ী ঘোষণা করে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সাংবিধানিক ব্যবস্থার অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোট শেষে গণনা করা হলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পান। অন্যদিকে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় যুক্ত হলো। প্রায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর দীর্ঘ সময় রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন পড়েনি।
আর এরই মধ্যে দিয়ে বঙ্গভবনের পথে যাত্রা শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমার বাঙলা/আরএ