‘বোঝে না সে বোঝে না’ ছবির জনপ্রিয়তা থেকে শুরু করে শাকিব খানের সঙ্গে ব্লকবাস্টার ‘তুফান’-এ পর্দা কাঁপানো ওপার বাংলার তারকা মিমি চক্রবর্তীকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। ভারতীয় গণমাধ্যমের খবর সত্যি হলে, ২০২৬ সালের শেষভাগেই জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখতে চলেছেন এই নায়িকা। শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তে প্রস্তুত মিমি।
রূপসী কালিম্পংয়ের স্নিগ্ধ পাহাড়ি প্রকৃতির মাঝে জমকালো এই বিয়ের আসর বসার কথা রয়েছে। জানা গেছে, গ্ল্যামার ওয়ার্ল্ড বা শোবিজ ইন্ডাস্ট্রির বাইরের এক ব্যক্তিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন মিমি। পাত্র সিদ্ধার্থ, যিনি ভারতীয় নৌবাহিনীতে দায়িত্বরত আছেন।
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিনয় জীবন শুরু করে নিজের রূপ ও অভিনয়ে একের পর এক দর্শকহৃদয় জয় করেছেন মিমি। শুধু অভিনয় নয়, ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এমপি নির্বাচিত হয়ে রাজনীতির মাঠেও দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। বর্তমানে সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-সহ একাধিক চলচ্চিত্রের শুটিংয়ে তুমুল ব্যস্ততার মাঝেও অত্যন্ত গোপনে বিয়ের প্রস্তুতি সেরে ফেলছেন এই জনপ্রিয় তারকা।