দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ অবস্থান থেকে সব ধরনের চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করবে। এ জন্য উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভো থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সকল চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের (উদ্ভাবক-উদ্ভাবনী প্রতিষ্ঠান-বিনিয়োগকারী) সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি, যেখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ—সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব।”
এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।
তিন দিনব্যাপী এ মেলার মূল প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শিত হচ্ছে।
আয়োজকরা জানান, দেশে একটি শক্তিশালী ন্যাশনাল ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উদ্ভাবকদের নতুন ধারণা ও প্রযুক্তিকে বাস্তব প্রয়োগ এবং বাণিজ্যিক উৎপাদনের সঙ্গে যুক্ত করার মাধ্যমে দেশের অর্থনীতি ও উন্নয়নে উদ্ভাবনের ভূমিকা আরও জোরদার করাই এ মেলার অন্যতম উদ্দেশ্য।
মেলায় কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বক্তব্য দেন।
মেলার দ্বিতীয় দিন রোববার স্বাস্থ্য খাত নিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জোবাইদা রহমান।
আমার বাঙলা/মোশাররফ