স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে আরও এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে। এর পাশাপাশি জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া কৃষিঋণ মওকুফ, দুঃস্থদের জন্য বিশেষ বরাদ্দ, কাবিখা কর্মসূচি এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।
হাম রোগের প্রাদুর্ভাব প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। দেশের ৩০টি উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় আগামী ২০ তারিখ থেকে শিশুদের জন্য হাম প্রতিরোধে টিকা প্রদান এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই সপ্তাহের মধ্যে হাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।
অনুষ্ঠানে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে মন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।