খেলা

শুভসূচনা আফগানিস্তানের

ক্রীড়া ডেস্ক

উদ্বোধনী ম্যাচ আবুধাবিতে। অথচ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর পর্যন্তও রশিদ খান ও ইয়াসিম মুর্তজা ছিলেন ১৩০ কিলোমিটার দূরের শহর দুবাইয়ে। কারণ, এশিয়া কাপের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের সংবাদ সম্মেলন। দুবাইয়ে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরেই রশিদ–ইয়াসিমকে ফিরতে হয়েছে আবুধাবিতে। এরপর শেখ জায়েদ স্টেডিয়ামে গিয়ে দুজন টস করেছেন।

টস জিতে হংকং অধিনায়ক ইয়াসিমকে বোলিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ। আয়ুশ শুক্লার করা টুর্নামেন্টের প্রথম বলেই চার মেরে এশিয়া কাপে নিজের আগমনী বার্তা দিয়েছেন সেদিকউল্লাহ আতাল। সেই আতালই শেষ পর্যন্ত দলকে টেনেছেন। তাঁর অপরাজিত ৭৩ রান ও আজমতউল্লাহ ওমরজাইয়ের বিধ্বংসী ফিফটিতে ৬ উইকেটে ১৮৮ রান তুলেছিল আফগানিস্তান।

জবাবে নাইব–ওমরজাই–ফারুকি–গজনফরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হংকং ৯ উইকেট হারিয়ে করতে পেরেছে এর অর্ধেক। মানে, ৯৪ রান করে ৯৪ রানেই হেরেছে হংকং। এশিয়া কাপে এ নিয়ে হংকংয়ের বিপক্ষে দুবারই জিতল আফগানিস্তান। আবুধাবিতে আজকের আগে মিরপুরে ২০১৬ সালে হংকংকে ৬৬ রানে হারিয়েছিল আফগানরা।

পাওয়ারপ্লেতে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানকে ফিরিয়ে দারুণ কিছুর আভাস দিয়েছিল হংকং। তবে এরপর অভিজ্ঞ মোহাম্মদ নবীর সঙ্গে ৫১ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন আতাল। নবীকে ফিরিয়ে কিঞ্চিৎ শাহ এই জুটি ভাঙার পর গুলবদিন নাইবকেও দ্রুত আউট করেন। কিন্তু আজমতউল্লাহ ওমরজাই নেমেই হংকং বোলারদের ওপর চড়াও হলে ম্যাচ আফগানিস্তানের নিয়ন্ত্রণে চলে আসে।

ইনিংসের ১৯তম ওভারের টানা তিন ছক্কার পর চার মেরে ২০ বলে ফিফটি পূরণ করেন ওমরজাই, যা এখন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে কোনো আফগান ব্যাটসম্যানের দ্রুততম হাফ সেঞ্চুরি। ওমরজাই ভেঙেছেন নবীর রেকর্ড (২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১ বলে ফিফটি)।

টি–টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পাওয়া আতাল শেষ পর্যন্ত ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। হজরতউলাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের পর তৃতীয় আফগান ওপেনার হিসেবে পুরো ২০ ওভার খেলেছেন তিনি।

তবে বাঁহাতি এই ওপেনারকে এমন ইনিংস খেলতে দেওয়ার পেছনে হংকংয়ের ফিল্ডারদেরও ভূমিকা আছে। পূর্ব এশিয়ার দলটি ক্যাচ ছেড়েছে পাঁচটি, এর মধ্যে আতালই তিন-তিনবার ‘জীবন’ পেয়েছেন। এই ম্যাচে হংকংয়ের সবচেয়ে সফল বোলার কিঞ্চিৎ শাহর বোলিং কোটা কেন পূরণ করা হলো না, তা এক রহস্যই হয়ে থাকবে।

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লেতে ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হংকং। এরপর দেখার বিষয় ছিল একটাই—তারা ১০০ রান করতে পারে কি না। হংকং ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর হায়াত তখনো টিকে থাকায় মনে হচ্ছিল হয়তো পারবে।

কিন্তু ১৩তম ওভারে হায়াত আউট হলে দলটির রান তোলার গতি আরও শ্লথ হয়ে যায়। শেষ পর্যন্ত তারা ২০ ওভার খেললেও করতে পারে ৯৪ রান।

হংকংয়ের শুধু দুজন ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পেরেছেন—তিনে নামা হায়াত (৩৯) ও অধিনায়ক ইয়াসিম (১৬)। বাকি নয়জনের রান মুঠোফোন নম্বরের মতো—৫, ০, ০, ৪, ৬, ৬, ৬, ১*, ১*।

আফগানিস্তানের নাইব ও ফজলহক ফারুকি ২টি করে উইকেট নিয়েছেন। ১টি করে শিকার রশিদ, ওমরজাই ও নুর আহমেদের। হংকংয়ের দুজন ব্যাটসম্যান রানআউট হয়েছেন। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।
আফগানিস্তানের পরের ম্যাচ আগামী মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬ (আতাল ৭৩, ওমরজাই ৫৩, নবী ৩৩; কিঞ্চিৎ ২/২৪, শুক্লা ২/৫৪, আতিক ১/৩২)।

হংকং: ২০ ওভারে ৯৪/৯ (হায়াত ৩৯, ইয়াসিম ১৬; নাইব ২/৮, ফারুকি ২/১৬, ওমরজাই ১/৪, নুর ১/১৬, রশিদ ১/২৪)।

ফল: আফগানিস্তান ৯৪ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: আজমতউল্লাহ ওমরজাই।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা