যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে দুর্গম একটি সামরিক রাডারকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, কেপ নিউএনহাম লং রেঞ্জ রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার দূরের এই বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, দুর্ঘটনার সময় বিমানে ছয়জন যাত্রী ও দুজন পাইলট ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।
দুর্ঘটনাকবলিত বিমানটি সেসনা ৪৪১ মডেলের। অ্যাঙ্কোরেজভিত্তিক চার্টার বিমান সংস্থা সিকিউরিটি এভিয়েশন এটি পরিচালনা করছিল।
দুর্ঘটনার পর ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপার্স এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।
আলাস্কার সিনেটর লিসা মুরকোভস্কি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। তিনি বলেন, আলাস্কার দুর্গম এলাকাগুলোতে সেবা দিতে সিকিউরিটি এভিয়েশনের পাইলটদের সঙ্গে তার বহুবার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।
আলাস্কান নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ এয়ার ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস জানান, বিমানে থাকা ব্যক্তিরা কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ মিশনে নিয়োজিত ছিলেন।
তবে সামরিক রাডারকেন্দ্রের কাছে থাকা ওই ব্যক্তিরা ঠিক কী দায়িত্ব পালন করছিলেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
আমার বাঙলা/ রাব্বি