রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী।
ডিএমপির বিভাগীয় সূত্রে জানা গেছে, অভিযানে সবচেয়ে বেশি ১৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১২০ কেজি গাঁজা, ১২ হাজার ৩৭৫ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন এবং ৫ লিটার দেশি মদ।
এ ছাড়া ১১ হাজার ৪৮০টি নকল ক্রিম, ১১টি মোবাইল ফোন, ৫২৬ বস্তা চাল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং একটি প্রাইভেটকারের রিমোট চাবি উদ্ধার করা হয়েছে।
অভিযানের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অপহৃত দুই ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়। একই সঙ্গে বিভিন্ন আলামত জব্দ এবং সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আমার বাঙলা/ রাব্বি