বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পৌর বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব। এতে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক প্রবীর গুহ রিন্টু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস হয়েছে। এই সময়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনে মানুষ খুশি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষের আস্থা রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, যারা দেশের উন্নয়ন ও পরিবর্তনকে পছন্দ করছে না, তারা নানা ধরনের সমালোচনা শুরু করেছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি