গত জুলাই মাসে দেশে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩৯ জন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১০৯ জন মারা গেছেন মোটরসাইকেল দুর্ঘটনায়।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমানের স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামে। এ বিভাগে ১২৬টি দুর্ঘটনায় ১০৬ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছেন।
ঢাকা বিভাগে ১০৪টি দুর্ঘটনায় ১০১ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন। রাজশাহী বিভাগে ৫৬টি দুর্ঘটনায় ৫৭ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ৪২টি দুর্ঘটনায় ৩৯ জন নিহত ও ৮৬ জন আহত হয়েছেন। বরিশালে ২১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
রংপুর বিভাগে ৫০টি দুর্ঘটনায় ৫৪ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। আর ময়মনসিংহ বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
বিআরটিএর প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে সংঘটিত দুর্ঘটনাগুলোতে মোট ৬৭৩টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরকার বা জিপ ১৮টি, বাস বা মিনিবাস ১০৬টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৪২টি, পিকআপ ৩৫টি, মাইক্রোবাস ৮টি, অ্যাম্বুলেন্স ৫টি এবং মোটরসাইকেল ১২৪টি ছিল।
এ ছাড়া দুর্ঘটনায় ভ্যান ২০টি, ট্রাক্টর ৮টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ২৮টি, সিএনজি অটোরিকশা ৫৭টি এবং অন্যান্য ধরনের ১০১টি যানবাহন জড়িত ছিল।
যানবাহনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। এ ধরনের দুর্ঘটনায় ১০৯ জন নিহত হয়েছেন।
অন্যদিকে মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৮ জন, বাস বা মিনিবাসে ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যানে ৫৬ জন, পিকআপে ১৬ জন এবং মাইক্রোবাস দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন।
এ ছাড়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৩ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ৪ জন, ইজিবাইকে ১৫ জন, ব্যাটারিচালিত রিকশায় ১৪ জন, অটোরিকশায় ৪০ জন এবং অন্যান্য যানবাহনের দুর্ঘটনায় ৯১ জন প্রাণ হারিয়েছেন।
সব মিলিয়ে জুলাই মাসে দেশের সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি