থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তিনি ও চিত্রগ্রাহক মেহেদী রনি আহত হয়েছেন। বর্তমানে দুজনই পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকটির শুটিং চলছিল। শুটিং শেষে পাহাড়ি উঁচু সড়ক দিয়ে স্কুটিতে করে নিচে নামছিলেন খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। স্কুটিটি চালাচ্ছিলেন রনি।
পাহাড়ি সড়কের কিছুটা নিচে নামার পর হঠাৎ স্কুটিটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে সেটি উল্টে গেলে দুজনই সড়কে পড়ে গিয়ে আহত হন। দুর্ঘটনার পর পেছনে থাকা শুটিং টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
খায়রুল বাসার জানান, পাহাড় থেকে নামার সময় স্কুটিটির ওপর নিয়ন্ত্রণ ছিল না। দুর্ঘটনায় তার বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। বর্তমানে সোজা হয়ে দাঁড়ানো এবং হাঁটাচলা করতে বেশ কষ্ট হচ্ছে।
অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও ক্ষত হয়েছে। দুর্ঘটনার পর দুজনকেই দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আঘাতের কারণে থাইল্যান্ডে চলমান নাটকের শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক্স-রে রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে দুজনেরই অন্তত দুই থেকে তিন দিন বিশ্রাম প্রয়োজন হতে পারে।
আমার বাঙলা/ রাব্বি