অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর ১৮তম আসরে বিশেষ অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড তারকা আমির খান, সানি দেওল ও প্রীতি জিন্তা। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাওয়া তাদের নতুন সিনেমা ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণার অংশ হিসেবে কেবিসির মঞ্চে দেখা যাবে তাদের।
তবে সিনেমার প্রচারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনায় এসেছেন আমির খান। সম্প্রতি তৃতীয়বার বিয়ে করা এই অভিনেতাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা মন্তব্য ও ট্রোল।
কেবিসি ১৮-এর প্রকাশিত একটি নতুন প্রমোতে শোটির এবারের মূল ভাবনা ‘সোচনা পড়েগা’ নিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলতে দেখা যায় আমিরকে। একপর্যায়ে তিনি অমিতাভকে প্রশ্ন করেন, ‘আপনি প্রমোতে বললেন ‘সোচনা পড়েগা’, কিন্তু কী ভাবতে হবে?’
জবাবে অমিতাভ বচ্চন জানান, এবারের মৌসুমে বিষয়গুলো খুব সহজ হবে না। প্রতিযোগীদের প্রতিটি ধাপে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। তার কথায় সম্মতি জানিয়ে আমির বলেন, ‘আসলেই ভাবতে হবে স্যার... সত্যিই ভাবতে হবে।’
প্রমোটি প্রকাশের পর থেকেই এর মন্তব্যের ঘরে আমিরের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। দর্শক ও ভক্তদের একাংশ তাকে তৃতীয় বিয়ে নিয়ে কটাক্ষ করতে শুরু করেন।
একজন রসিকতা করে মন্তব্য করেন, ‘তাকে জিজ্ঞেস করুন চতুর্থ বিয়েটা কবে করছেন?’ আরেকজন লেখেন, ‘তিনি কি এখানে নিজের বিয়ের গল্প বলতে এসেছেন?’
শোর এবারের থিম ‘সোচনা পড়েগা’-এর সঙ্গেও আমিরের ব্যক্তিগত জীবন মিলিয়ে মজা করেছেন অনেকে। কেউ কেউ লিখেছেন, তৃতীয় বিয়ের পর আমিরকে হয়তো এবার চতুর্থ বিয়ে নিয়েও ভাবতে হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন আমির খান। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এটি আমির খানের তৃতীয় বিয়ে।
আমার বাঙলা/ রাব্বি