রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভেতরে আত্মশুদ্ধির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
বিবৃতিতে টিআইবি বলেছে, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার অভিযোগও সরকারের পাশাপাশি ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় নারী-শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা ও জবরদখলের অভিযোগ কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও সরকারের প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
টিআইবির ভাষ্য, ২০২৪ সালের আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিভিন্ন অভিযোগ সামনে এসেছে।
সংস্থাটি আরও বলেছে, বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যেও বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে।
কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকেও উদাহরণ হিসেবে উল্লেখ করেছে টিআইবি। সংস্থাটির মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ঘটে যাওয়া ধারাবাহিক ঘটনাগুলোর সঙ্গে এসব ঘটনার যোগসূত্র রয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রতিটি ঘটনার স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছে তারা।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি বা চাঁদাবাজির অভিযোগ উঠলে শুধু দলীয় বা সাংগঠনিক ব্যবস্থা নিলেই হবে না, আইনের আওতায়ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তা না হলে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি আবারও প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের জবাবদিহি নিশ্চিত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে টিআইবি।