বিনোদন

গানই সানী জুবায়েরের ঘর

বিনোদন প্রতিবেদক

ফোনের ওপাশ থেকে ভেসে এল হালকা হাসির আওয়াজ। এরপর খানিক থেমে সানী বললেন, ‘গানই আমার ঘর। আর সেই ঘরটা একটু নিঃসঙ্গতাই ভালোবাসে।’ নিঃসঙ্গ সেই ঘর থেকেই বেরিয়েছে অনেক সুর। সুরগুলো কখনো পর্দার নায়কের হৃদয় ছুঁয়েছে, কখনো শ্রোতার বুকের ভেতর ঢেউ তুলেছে। অথচ শিল্পী নিজে সব সময়ই থেকেছেন পর্দার আড়ালে, নিজের মতো করে। ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সানী জুবায়ের। টরন্টোয় এখন সংগীতের নির্জন সাধনায় নিভৃতে কাটে তাঁর দিনরাত। অনেক দিন পর তাঁর সঙ্গে আলাপ। যদিও বহু দিনের চেনাজানা। নটরডেম কলেজে থেকে ভারতের নৈনিতালের কুমায়ূন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তরের বহু স্মৃতি আমাদের। আলাপের শুরুতে বললেন, ‘আমি সংগীতকে কেবল শিল্প বলেই দেখি না, এটা আত্মা থেকে আত্মায় যাওয়ার সেতু। এই মাধ্যমে তুমি নিজেকে বোঝো, অন্যকেও চেনো। আনন্দ, যন্ত্রণা, ভালোবাসা-সুরের ভেতর সব একসঙ্গে গলে যায়।’

মনে পড়ছে, বন্ধু সৈয়দ ফজলে রুমি তখন যুক্তরাষ্ট্র থেকে বলছিলেন, ‘আমাদের সৌরভ (সানীর ডাকনাম) বাংলা গানের বাগানে যেন এক নিঃশব্দ সুবাস ছড়ানো ফুল।’ তারপর স্মৃতির পট খুলে দিলেন তিনি, ‘নৈনিতালের শীতে, পাহাড়ঘেঁষা সন্ধ্যায় জোছনার আলোয় আমরা তাঁর গাওয়া গান শুনতাম। সেসব রাত আজও মনের গভীরে জমে আছে। কেবল আফসোস হয়, তাঁর সেই সুবাসটা বাংলা সংগীতজগৎ ঠিক করে নিতেই পারল না।’

পাটিয়ালা থেকে সুইডেন

ছোটবেলায় পরিবারের ঘনিষ্ঠ বন্ধু গোবিন্দ রবিদাসের কাছে তাঁর সংগীতচর্চা শুরু। এরপর পাটিয়ালা ঘরানার ওস্তাদ বড়ে গুলাম আলীর দুই নাতি ওস্তাদ মাযহার আলী খান ও ওস্তাদ যাওয়াদ আলী খানের কাছে তালিম নেন। পড়াশোনা নৈনিতালের কুমায়ূন বিশ্ববিদ্যালয়ে। এরপর সংগীতের পথ তাঁকে নিয়ে যায় সুইডেনের গোটল্যান্ড স্কুল অব মিউজিক কম্পোজিশন আর স্টকহোমের রয়্যাল কলেজ অব মিউজিকে-যেখান থেকে পাশ্চাত্য ধ্রুপদি সংগীতে স্নাতকোত্তর করেন।

৮২টি দেশের প্রতিযোগীদের মধ্যে থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ‘এই অর্জন টাকার জোরে হয় না। প্রয়োজন প্রতিভা, ধৈর্য আর ভালোবাসা,’ বললেন সানী। ‘ভর্তি হওয়ার সুযোগটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় সম্মান।’ সোজাসাপটাই বললেন, ‘আমাকে নিয়ে কিছু ভুল তথ্য চালু আছে। অনেকে বলেন, আমি নাকি সরকারি স্কলারশিপে সুইডেনে পড়েছি-আসলে সুইডেনে স্কলারশিপ বলে কিছু নেই। ভর্তি হলে ফি লাগে না, এটাই নিয়ম। আরেকটা কথা, অনেকে বলেন, পণ্ডিত রবিশঙ্করের পর আমিই নাকি পড়েছি স্টকহোমের রয়্যাল কলেজ অব মিউজিকে-এটাও ঠিক নয়। আমি চাই, আমার পরিচয় হোক কাজ দিয়ে, সত্যিকারের অর্জন দিয়ে।’

একেকটি গান, একেকটি অনুভব

১৯৯৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘সারা, সংগীত পরিচালনা করেছিলেন প্রয়াত সংগীতশিল্পী লাকী আখান্দ্‌। এরপর ‘নির্জন স্বাক্ষর’, ‘আপনা খায়াল’, ‘অদ্ভুত আঁধার এক’, ‘যুগলসন্ধি’, ‘অজস্র কবিতা’-প্রতিটি অ্যালবাম যেন নতুন আবেগের জানালা খুলেছে। সেই সময়ে অডিও বাজারে সানীর আলাদা পরিচিতি ছিল। ‘আজ আমার মন ভালো নেই’ গানটি তো রীতিমতো ভাইরাল! নজরুলসংগীতের অ্যালবাম কেন মেঘেরও ছায়া শ্রোতাদের টেনেছে নতুন ঘোরে।

চলচ্চিত্রেও রেখেছেন স্বতন্ত্র স্বাক্ষর। ‘ঘাসফুল’ দিয়ে শুরু, এরপর ‘আঁখি ও তার বন্ধুরা’, ‘কালের পুতুল’ এবং ‘অনিল বাগচীর একদিন’। একসময় সুইডেন থেকে দেশে ফিরে আন্তর্জাতিক সংগীত ইনস্টিটিউট গড়ার স্বপ্ন দেখেছিলেন, যেখানে একই সঙ্গে শেখানো হবে উপমহাদেশীয় ও পাশ্চাত্য সংগীত। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সব প্রস্তুতিও ছিল। ‘ফান্ড ছিল, পরিকল্পনাও ছিল। কিন্তু সরকারের আমলারা সেটা নিতে চায়নি। আমলাতান্ত্রিক জটিলতা সব আটকে দিল,’ ক্ষোভের সঙ্গে বললেন তিনি। ‘এটা শুধু আমার স্বপ্ন নয়, দেশের জন্যও ছিল বড় সুযোগ।’

আজও প্রতিদিন সংগীত

‘সংগীত শুধু গাওয়ার জন্য নয়, এটা আত্মচর্চা,’ বললেন সানী। ‘আমি কানাডায় আছি, কিন্তু সংগীত তো প্রতিদিন আমার সঙ্গেই থাকে। শিখি, শেখাই। দেশে ফেরার ইচ্ছা আছে, তবে সেটা নির্ভর করে, শিল্পী হিসেবে বাংলাদেশে কতটা সম্মান পাওয়া যায়, তার ওপর।’ বাংলাদেশের এক প্রবীণ সংগীতজ্ঞ বলেছিলেন, ‘সানী জুবায়েরের মতো শিল্পীরা নিভৃতে কাজ করেন, তাঁদের সৃষ্টি অনেক দূর পর্যন্ত ধ্বনি তোলে।’ শেষ প্রশ্ন-আপনি কি দেশে ফিরবেন? এবার দীর্ঘশ্বাস ফেলে সানী বললেন, ‘আমার দেশ তো বাংলাদেশই। কিন্তু ফুল তো সেই বাগানেই ফোটে, যেখানে আলো পড়ে। আলোটা কোথায় পড়বে, সেটা সময়ই বলে দেবে।’ অদ্ভুত সুন্দর এ উত্তর যেন তাঁর জীবন আর সংগীতের সারাংশ। সানী জুবায়ের, বাংলা সংগীতের নিভৃত সৌরভ। যিনি না থেকেও থেকে যান কণ্ঠে, সুরে, ছায়ায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা