নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
পরিদর্শনের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান, সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও ক্রীড়া কার্যক্রমে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরিদর্শনকালে বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবসহ অন্যান্য ল্যাবরেটরি, শ্রেণিকক্ষ এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজখবর নেন তিনি।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বাড়বে।
তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে।
পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমার বাঙলা/ রাব্বি