বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার দিয়াস, যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনিয়া’ নামেই বেশি পরিচিত। ৪০ বছর বয়সে বিশ্বমঞ্চে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া এই গোলরক্ষক এবার নতুন ঠিকানা গড়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোরে।
বিশ্বকাপজুড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ শক্তিশালী দলগুলোর বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে টুর্নামেন্টের অন্যতম আলোচিত খেলোয়াড়ে পরিণত হন ভোজিনিয়া। তবে বিশ্বকাপ চলাকালীন তিনি কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন না।
শুক্রবার (২৪ জুলাই) কোলো কোলোর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়ে লেখা হয়, ‘স্বাগতম! আমরা তোমার অপেক্ষায় আছি।’
ক্লাবটির এই ঘোষণায় শুধু সমর্থকদের মধ্যেই নয়, পুরো চিলির ফুটবলাঙ্গনেই তৈরি হয়েছে উচ্ছ্বাস। উল্লেখ্য, চিলি জাতীয় দল টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।
কোলো কোলো পরিচালনা করা প্রতিষ্ঠান ‘ব্লাঙ্কো ই নেগ্রো’-র সভাপতি অ্যানিবাল মোসা জানান, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন, প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন এবং এরপর রাজধানী সান্টিয়াগোর এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে উপস্থাপন করা হবে।’
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্লাবটির সঙ্গে তার ১৮ মাসের চুক্তি হয়েছে।
ভোজিনিয়ার নেতৃত্বে তার দল কেপ ভার্দে বিশ্বকাপে অবিশ্বাস্য এক সফর উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ‘রাউন্ড অব ৩২’-এ লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিহাস গড়েছেন এই গোলরক্ষক। টুর্নামেন্ট শুরুর আগে যেখানে বিভিন্ন মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারের নিচে, বিশ্বকাপ চলাকালীন ও পরবর্তীতে তা লাফিয়ে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৯০ লাখে (২৯ মিলিয়ন)।
আমার বাঙলা/ রাব্বি