ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে নকশালপন্থি চিন্তাধারা এখনো সমাজে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি।
ভাষণে তিনি বলেন, বনাঞ্চলে অভিযান চালিয়ে সশস্ত্র নকশালদের দমন করা হয়েছে এবং দেশকে এ ধরনের সহিংসতা থেকে অনেকটাই মুক্ত করা সম্ভব হয়েছে। তবে সশস্ত্র নকশাল না থাকলেও ‘মানসিক নকশাল’ এখনো রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মোদি অভিযোগ করেন, মাওবাদী মতাদর্শে বিশ্বাসী কিছু ব্যক্তি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। একই সঙ্গে তারা সমাজে অশান্তি, বিভেদ ও বিশৃঙ্খলা তৈরির সুযোগ খুঁজছেন বলেও দাবি করেন তিনি।
এ ধরনের ‘মানসিক নকশালদের’ চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের তরুণদের উন্নত ভারত গড়ার মূলধারার উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
মোদি আরও বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী বিভিন্ন কৌশলে সমাজকে ভুল পথে পরিচালিত করার এবং সহিংসতা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরির চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
আমার বাঙলা/ রাব্বি