শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। দিচ্ছেন ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নানা প্রতিশ্রুতি।
আগামী ২২ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৬৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে তিনজন, নির্বাহী সদস্য (সাধারণ গ্রুপ) পদে ১৮ জন এবং নির্বাহী সদস্য (সহযোগী গ্রুপ) পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সোহেল পারভেজ, নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাহবুব উর রহমান এবং জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
সভাপতি প্রার্থী মাহবুব উর রহমান বলেন, নীলফামারী সম্ভাবনাময় একটি জেলা। সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিল্পায়নেও জেলা এগিয়ে যেতে পারে। চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন ও উত্তরা ইপিজেডে গ্যাস সরবরাহকে তিনি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ারও আশ্বাস দেন তিনি।
আরেক সভাপতি প্রার্থী সুলতান মাহমুদ বলেন, ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী নীলফামারী চেম্বার কার্যকর ভূমিকা রাখতে পারেনি। নির্বাচিত হলে চেম্বারকে ব্যবসায়ীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি।
সভাপতি প্রার্থী সোহেল পারভেজ বলেন, নীলফামারী একটি সম্ভাবনাময় জেলা। ব্যবসায়ীদের সহযোগিতা, পরামর্শ ও সাহস জোগাতে পারলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত করা সম্ভব। ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং দ্রুত সেবা পান, সে জন্য চেম্বারের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, কৃষিনির্ভর নীলফামারীর অর্থনৈতিক উন্নয়নে চেম্বারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নির্বাচিত হলে চেম্বারের উদ্যোগে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা এবং শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হবে। আগামী বছর থেকেই এ বৃত্তি চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা আবু সালেহ সোহেল রানা বলেন, ব্যবসায়ীবান্ধব চেম্বার প্রতিষ্ঠায় তিনি কাজ করবেন। উত্তরা ইপিজেডে গ্যাস সরবরাহ, চিলাহাটি স্থলবন্দর চালু এবং নতুন শিল্প-কারখানা স্থাপনের ক্ষেত্রে চেম্বারকে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা আদালতের সরকারি কৌশুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা উৎসবমুখর পরিবেশে চলছে। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো অভিযোগ বোর্ডে আসেনি।
তিনি জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কার্যক্রম পরিচালনায় চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির পাশাপাশি তিন সদস্যের একটি আপিল বোর্ড রয়েছে। আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক জাফিরুল ইসলাম।
আমার বাঙলা/ রাব্বি