খেলা

নাজমুলের কাছে যে সাহায‍্য চাইলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোর চামড়া পোড়ানো, ঘামে ভেজানো গরম ছাড়া আর কোনো উত্তাপ খুঁজে পাওয়া গেল না সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। পাওয়ার কথাও নয় অবশ্য। নাজমুল হোসেনের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়ে আলোচনাটা এখন মূলত দলের বাইরেই। দলের আবহে তার কোনো প্রভাব নেই। নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পুরো দলের চিন্তায় এখন আগামী ২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ।

দ্বিতীয় টেস্টটা এক দিন আগে শেষ হয়ে যাওয়ার মন্দের ভালো, ওয়ানডের প্রস্তুতির জন্য একটি বাড়তি দিন পাওয়া। অবশ্য কাল সেই বাড়তি দিনে বিশ্রামে ছিলেন নাজমুল, মিরাজ, লিটন দাসসহ কলম্বো টেস্টে খেলা প্রায় সব ক্রিকেটার। ব্যতিক্রম দুই পেসার ইবাদত হোসেন ও নাহিদ রানা। ওয়ানডে দলে যোগ দেওয়া ক্রিকেটারদের সঙ্গে টেস্ট দলের এই দুজনও ছিলেন কাল সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠের অনুশীলনে।

বেলা ২টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টার অনুশীলনে ওয়ার্মআপ থেকে শুরু করে নেটে ব্যাটিং-বোলিং, ফিল্ডিং প্র্যাকটিস-সবই হয়েছে। টেস্ট দলের ক্রিকেটারদের ফ্লাইট আজ, এই সুযোগে ওয়ানডে দলে না থাকা ইবাদতও নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন। যদিও মোস্তাফিজুর রহমান, তানজিম হাসানদের মধ্যে পেস বোলিং কোচ শন টেইটের মনোযোগের কেন্দ্রে ছিলেন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। নেটে প্রায় প্রতিটি বলের আগেই তাঁকে কিছু না কিছু পরামর্শ দিয়েছেন টেইট।

পেসারদের মধ্যে হাসান মাহমুদ আর নাহিদ রানা ছিলেন না টেইটের নেটে। অনুশীলনে কাল বোলিংই করেননি কাঁধের আড়ষ্টতার জন্য দ্বিতীয় টেস্টে না খেলা হাসান মাহমুদ ও দুই টেস্টেই খেলা আরেক পেসার নাহিদ রানা। কাঁধের অবস্থা বুঝতে হাসান মাহমুদের মৃদু হাত ঘোরানোর পর্বে সঙ্গী ছিলেন ফিজিও বায়েজিদুল ইসলাম ও কন্ডিশনিং কোচ নাথান কেলি, কখনো কখনো দলের চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। সঙ্গে আরও কিছু ছোটখাটো পরীক্ষায় তাঁর কাঁধের অবস্থা আগের চেয়ে ভালো মনে হয়েছে তাঁদের কাছে। আজ নেটে পুরোদমে বোলিং করার চেষ্টা করবেন হাসান মাহমুদ। নাহিদ রানা বোলিং না করলেও নেটে ব্যাটিং করেছেন।

ওয়ানডে সিরিজের আগে দলে চোট-আঘাতের আর কোনো সমস্যার কথা শোনা যায়নি। নাজমুল হোসেনের টেস্ট নেতৃত্ব ছাড়া নিয়েও দলে কোনো আলোচনা নেই। নাজমুলের নিজের পুরো মনোযোগও এখন ওয়ানডে সিরিজের দিকে, অধিনায়কত্বটা মেহেদী হাসান মিরাজের কাঁধে ওঠায় যেখানে তিনি খেলবেন শুধুই নির্ভার একজন ব্যাটসম্যান হিসেবে।

মিরাজের সঙ্গে নাজমুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আছে সব সময়। বিসিবির সাম্প্রতিক অধিনায়কত্ব বদল নাটকের প্রভাবে সেটিতে চিড় ধরার আপাতত কোনো শঙ্কা দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে মিরাজের দিক থেকে বাড়তি উদ্যোগ আছে যেন নাজমুলের মনে অধিনায়কত্ব হারানো নিয়ে কোনো অস্বস্তি না থাকে।

নাজমুলকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরানোর প্রক্রিয়াটি যে প্রশ্নবিদ্ধ, তা না বোঝার কথা নয় মিরাজেরও। কিন্তু দায়িত্ব যখন পেয়েছেন, সেটি তো পালন করতেই হবে। আর সে কাজে সদ্য সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুলকেই সবচেয়ে বড় সুহৃদ হিসেবে পাশে চাইছেন মিরাজ।

গল টেস্টে মিরাজ খেলেননি অসুস্থতার কারণে। তবে গলের পর্বটাকে তিনি কাজে লাগিয়েছেন অন্যভাবে। টেস্ট সিরিজের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পাকাপাকিভাবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তাঁর অভিষেক হবে এই সিরিজেই। ওয়ানডে দল আর ওয়ানডের পরিকল্পনা নিয়ে তাই গল থেকেই নাজমুলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি, যেটির ধারাবাহিকতা আছে কলম্বোতেও।

বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, গলে মিরাজ নিজ থেকেই নাজমুলকে বলেছেন দল পরিচালনায় তাঁকে সাহায্য করতে। আকস্মিক নেতৃত্ব হারানোর আগে ওয়ানডে দল নিয়ে নাজমুল কী পরিকল্পনায় এগোচ্ছিলেন, সে ব্যাপারে ধারণা নেওয়ার পাশাপাশি চেয়েছেন তাঁর পরামর্শ। নাজমুলের প্রতি মিরাজের আহ্বানের লেখ্য রূপ অনেকটা এ রকম দাঁড়ায়, ‘দেখি, আমরা দুজন মিলে দলটাকে আবার ভালো অবস্থায় আনতে পারি কি না…।’

ওয়ানডে বাংলাদেশ দল সর্বশেষ খেলেছে গত ফেব্রুয়ারিতে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে। তার আগে গত বছরের ডিসেম্বরের ওয়েস্ট ইন্ডিজ সফর এবং নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজ ধরলে সর্বশেষ আটটি ওয়ানডেতে বাংলাদেশের জয় মাত্র একটিতে। সেটিও আফগানিস্তানের কাছে ২-১–এ হারা সিরিজে।

ব্যর্থতার এই ছবি অতি সাম্প্রতিক পারফরম্যান্সের। আরও পেছন ফিরে গেলে দেখবেন, ওয়ানডেতে একসময় যেকোনো দলকেই চোখ রাঙানো বাংলাদেশ দল এ সংস্করণে ধার হারিয়েছে অনেক আগেই। বিসিবির হুট করে ওয়ানডে নেতৃত্ব বদলের সিদ্ধান্ত সে কারণেই। অধিনায়ক বদলে যদি দলটাকে আবার ফেরানো যায় সাফল্যের পথে।

যার পার্শ্বপ্রতিক্রিয়া পরশু টেস্ট সিরিজের পর নাজমুলের টেস্ট নেতৃত্ব ছাড়ার ঘোষণা। নাজমুল এমন কিছু করতে পারেন, সেটা অনুমান করতে পারায় বিসিবির ‘দূত’ হয়ে ২৭ জুন সন্ধ্যায় কলম্বো আসেন ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন। কাল জানা গেছে, কলম্বোয় এসে সে রাতেই নাজমুল হোসেনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। নাজমুল তখনো তাঁকে নিজের সিদ্ধান্তে অটল থাকার কথাই জানিয়েছেন, যদিও বলেননি, পরদিনই ঘোষণা দেবেন নেতৃত্ব ছাড়ার।

পরশু সিরিজ শেষে টেস্টের পারফরম্যান্স পর্যালোচনায় বসেছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফ সদস্যরা, ছিলেন ক্রিকেট পরিচালনা প্রধানও। টেস্ট ক্রিকেট থেকে আপাতত ৫-৬ মাসের বিরতিতে যাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার সিরিজের পারফরম্যান্স নিয়ে আলোচনার পাশাপাশি আগামী কয়েক মাসের করণীয় নিয়েও কথা বলেছেন সবাই, যেখানে বিদায়ী অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের বক্তব্যই ছিল মূল আকর্ষণ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা