খেলা

আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন হামজা

ক্রীড়া প্রতিবেদক

একজন বড় মাপের খেলোয়াড় একটা দেশের ফুটবলীয় পরিমণ্ডল কীভাবে বদলে দিতে পারেন, সেটার জ্বলজ্বলে উদাহরণ হামজা চৌধুরী। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল যেন তার হারানো যৌবন ফিরে পেয়েছে। ফুটবল নিয়ে পুরো দেশেই নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে, যা বহুদিন দেখা যায়নি।

হামজার দেখানো পথে আরো দুই প্রবাসী ফাহামিদুল ইসলাম, শমিত সোমেরও বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে পরশু এএফসি বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হারলেও প্রত্যেকেই দারুণ খেলেছেন। গতকাল সকালে হামজা ও শমিত একই ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। হামজা গেছেন ইংল্যান্ডে, শমিত কানাডায়।

তবে ইংল্যান্ডে হামজার ঠিকানা এবার বদলে যাচ্ছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ধারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ২৭ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে ফিরতে হচ্ছে মূল ক্লাব লেস্টার সিটিতে। লেস্টারের সঙ্গে তাঁর আরো দুই বছর চুক্তি আছে।

যদিও গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে নাম লেখানোর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে আগামী মৌসুমে হামজাকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যাবে। তবে ক্লাব পরিবর্তনের ক্ষেত্রে তিনি নিশ্চয়ই আর্থিক বিষয়–আশয়ও ভেবে দেখবেন।

শেফিল্ড ইউনাইটেডে থাকতে হামজা কত বেতন পেতেন কিংবা মূল ক্লাব লেস্টার সিটিতে সর্বশেষ তাঁর আয় কত ছিল, এ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কৌতূহল আছে। যদিও ক্লাবগুলো ফুটবলারদের পারিশ্রমিকের অঙ্কটা বরাবরই গোপন রাখার চেষ্টা করে। কিন্তু নানা মাধ্যম হয়ে শেষ পর্যন্ত অঙ্কটা প্রকাশ পেয়েই যায়।

ফুটবল অর্থনীতি ও বাণিজ্য নিয়ে কাজ করা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্যাপোলজি যেমন বিশ্বের বিভিন্ন লিগে খেলা ফুটবলারদের সার্বিক তথ্য সংগ্রহ করে থাকে। ক্যাপোলজির তথ্য অনুযায়ী, শেফিল্ডে থাকতে হামজা সপ্তাহে ৪১ হাজার ৪৭৩ ইউরো (৫৭ লাখ ৮২ হাজার টাকা) বেতন পেতেন। সেই হিসেবে ক্লাব থেকে তাঁর দৈনিক আয় ছিল ৫ হাজার ৯২৪ ইউরো (৮ লাখ ২৬ হাজার টাকা)।

হামজার সঙ্গে শেফিল্ডের ধারের চুক্তি ছিল ২৭ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত। এই ১২৪ দিনে তাঁর পাওয়ার কথা ৭ লাখ ৩৪ হাজার ৫৭৬ ইউরো (১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা)।

ক্যাপোলজি আরও বলছে, ২০২৪–২৫ মৌসুমে হামজাই ছিলেন শেফিল্ডের সর্বোচ্চ বেতনভোগী ফুটবলার। তাঁর সমান বেতন পেয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড বেন ব্রেরেটন দিয়াজ ও ইংলিশ স্ট্রাইকার রিয়ান ব্রুস্টার।

২৭ জানুয়ারির আগে হামজা খেলেছেন লেস্টার সিটিতে। তবে সেখানে তাঁর সাপ্তাহিক বেতন অনেক কম ছিল—১৭ হাজার ৭৭৪ ইউরো (২৪ লাখ ৭৮ হাজার টাকা)। সেই হিসাবে দৈনিক আয় ছিল ২ হাজার ৫৩৯ ইউরো (৩ লাখ ৫৪ হাজার টাকা)। এই বেতন শেফিল্ডে পাওয়া বেতনের অর্ধেকেরও কম। আবার লেস্টারে ফেরার পর হামজার বেতন আগের মতোই থাকবে নাকি বাড়বে, তা জানা যাবে ২০২৫–২৬ মৌসুম শুরুর পর।

লেস্টার হামজাকে ধারে শেফিল্ডে পাঠানোর সময় চুক্তিপত্রে একটি বিষয় উল্লেখ ছিল যে, শেফিল্ড চাইলে তাঁকে একেবারে কিনেও নিতে পারবে। তবে বাংলাদেশের তারকা মিডফিল্ডারকে ক্লাবটি এমন কোনো প্রস্তাব দিয়েছে বলে খবর পাওয়া যায়নি।

হামজা নিজেও নাকি ক্লাব ফুটবলে ভবিষ্যৎ গন্তব্য নিয়ে দ্বিধায় আছেন। কদিন আগে সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন তাঁর বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী, ‘না, এখনো সেটা (শেফিল্ডে থাকবেন নাকি লেস্টারে ফিরে যাবেন) ঠিক হয়নি। আমি নিজেও ওর কাছে জানতে চেয়েছি। সে বলল, “জানি না।” তাই এখনই বলতে পারছি না।’

ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম ১৮তম হয়ে শেষ করায় লেস্টার সিটির অবনমন হয়েছে। ওদিকে শেফিল্ড ইউনাইটেড প্রিমিয়ার লিগে ওঠার সুবর্ণ সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত পারেনি। চ্যাম্পিয়নশিপের প্লে–অফ ফাইনালে হামজার শেফিল্ড হেরে গেছে সান্ডারল্যান্ডের কাছে। এর ফলে ২০২৫–২৬ মৌসুমে লেস্টার–শেফিল্ড দুই ক্লাবকেই দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় খেলতে হবে।

রুড ফন নিস্টলরয় লেস্টারের কোচ হওয়ার পর হামজাকে বলতে গেলে খেলার সুযোগই দেননি। তবে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার তাঁর ওপর আস্থা রেখেছেন। প্রায় প্রতি ম্যাচেই তাঁকে শুরু থেকে খেলিয়েছেন। ডিফেন্সিভ মিডফিল্ডে স্বাচ্ছন্দ্য বোধ করলেও শেফিল্ডে হামজাকে বেশিরভাগ সময় খেলতে হয়েছে রাইট–ব্যাক হিসেবে। এই পজিশনেও তিনি দারুণভাবে মানিয়ে নিয়েছিলেন।

লেস্টার শহরের স্থানীয় পত্রিকা লেস্টার মার্কারি বলছে, শেফিল্ড প্রিমিয়ার লিগে উঠলে তারা হামজাকে লেস্টারের কাছ থেকে কিনে নেওয়ার প্রস্তাব দিত। কিন্তু হামজা হয়তো টানা দুই মৌসুম ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নশিপে খেলতে চাইবেন না। এদিকে লেস্টার নাকি তাঁকে বিক্রি করে দিতে চায়।

গ্রিসের রেডিও স্টেশন স্পোর্ট এফএমের সাংবাদিক জর্জ সানাকাস সম্প্রতি জানিয়েছেন, হামজাকে দলে ভেড়াতে চায় দেশটির সফলতম ক্লাব অলিম্পিয়াকোস। ক্লাবটির বর্তমান কোচ হোসে লুইস মেন্দিলিবারের নাকি হামজার খেলা বেশ মনে ধরেছে। মেন্দিলিবার যে কৌশলে অলিম্পিয়াকোসকে খেলান, তার সঙ্গে হামজা সহজেই মানিয়ে নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।

২০২৪–২৫ মৌসুমে গ্রিক সুপার লিগের শিরোপা জিতেছে অলিম্পিয়াকোস। ফলে আগামী মৌসুমে তারা সরাসরি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে। অলিম্পিয়াকোসে নাম লেখালে হামজাও প্রথমবারের মতো ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় খেলার সুযোগ পাবেন।

অলিম্পিয়াকোস হামজাকে নিতে চাইলে লেস্টার কত দামে বিক্রি করতে পারে, তা এখনই অনুমান করা সম্ভব নয়। তবে ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য ৪৫ লাখ ইউরো (৬২ কোটি ৯০ লাখ টাকা)।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা