ঢাকার ধামরাইয়ে সরকারি নির্দেশনা অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রির অভিযোগে একটি অটো রাইস মিল ও তিনটি মিষ্টির দোকানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর ও ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল মামুন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় কুমরাইল এলাকার ‘সাহেব আলী অটো রাইস মিল’-এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, কালামপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও বিক্রির দায়ে তিনটি মিষ্টির দোকানের মালিককে পৃথকভাবে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে ইউএনও মোঃ আল মামুন বলেন, পরিবেশ সুরক্ষায় রাইস মিলগুলোতে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে মিষ্টির দোকানগুলোতে খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার বাঙলা/ রাব্বি