ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের ভাষ্য, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কি না সেটি তারা খতিয়ে দেখছেন।
ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে লুটপাট এবং ভবন মাটিতে মিশিয়ে দেওয়ার ঘটনায় 'পুলিশের গাফিলতি' নিয়ে প্রশ্ন ওঠায় সেখানকার ওসি জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার(২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা কার্যালয় আদেশে তাকে প্রত্যাহারের তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপি সদরদপ্তরের এ আদেশে স্বাস্থ্যকেন্দ্রে ভাংচুর-লুট, শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কি না সেটি তারা খতিয়ে দেখছেন।
খবর পাওয়ার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং কারও কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ জন্য দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এরমধ্যেই ওসিকে সরিয়ে দেওয়া হল।
এদিকে এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এছঅড়াও সেখান থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
মিরপুর ১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে দরিদ্র, অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে।
বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ’র একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ডও টানিয়ে দিয়ে চলে যান।
এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০-২৫০ জনকে আসামি করে সংস্থাটি।