ভারতের অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাদের বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘ব্রিকস সম্মেলনে অংশ নিতে যে প্রক্রিয়ায় আমন্ত্রণ জানানো হয়েছে, তাতে সন্তুষ্ট নয় ঢাকা। তবে ভবিষ্যতে অনুকূল পরিবেশ তৈরি হলেই কেবল প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।’
তিনি আরও পরিষ্কার করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার নিজস্ব পদমর্যাদায় বা সরকার প্রধান হিসেবে নয়, বরং বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া ও ফরম্যাট নিয়ে সরকারের আপত্তি রয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ ব্রিকসের সরাসরি সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দেশটির প্রধানমন্ত্রীকে এই আন্তর্জাতিক সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল ভারত। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকা এই মুহূর্তে সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না।