২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতা এড়িয়ে যাওয়ার পাশাপাশি গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ ফুটবলাররা।
নেশনস লিগের এবারের আসরে ইসরায়েলের সাথে একই গ্রুপে পড়ার পর থেকে আয়ারল্যান্ডে ম্যাচ বয়কটের দাবি জোরালো হয়ে ওঠে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে চলমান তীব্র বিতর্কের প্রভাব পড়ে ফুটবলেও। ম্যাচ দুটি না খেলার দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও শুরু হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন স্থগিত করা হয়। দলের ট্রেনিং সেশনেও দেখা দেয় বিলম্ব।
পরবতীর্তে হোটেলে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক করেন। ম্যাচ খেলা নিয়ে দলের ভেতরে উদ্বেগের মধ্যে গোলকিপার গাভিন বাজুনু নিজেকে সরিয়ে নেন। পরে খেলোয়াড়দের ভোটাভুটিতে ম্যাচটি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়।
ম্যাচ খেলার সিদ্ধান্ত নিলেও নিজেদের অবস্থান স্পষ্ট রাখছে আয়ারল্যান্ড। হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরবেন আইরিশ খেলোয়াড়রা। ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, খেলোয়াড়দের অন্যতম অনুরোধ ছিল, চলতি আন্তর্জাতিক বিরতিতে বাকি সময়ে তারা গণমাধ্যমের কার্যক্রমে অংশ নেবেন না। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোরেল আরও বলেন, ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতায় অংশ নেবে না রিপাবলিক অব আয়ারল্যান্ড। পাশাপাশি খেলোয়াড়দের ইচ্ছা অনুযায়ী, ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচের ফি এবং বৃহস্পতিবার ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি উল্লেখযোগ্য অংশ দাতব্য কাজে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
উল্লেখ্য, আয়ারল্যান্ড বনাম ইসরায়েলের মধ্যকার উয়েফা নেশনস লিগের ম্যাচটি আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।