খেলা

‘মনে হয়েছে এটাই থেমে যাওয়ার সময়’

ক্রীড়া ডেস্ক

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীর সময় কথা বলতে গিয়ে কণ্ঠ খানিকটা ভারী হয়ে আসছিল। পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেকে জড়িয়ে ধরেছিলেন। আসলেই বিদায়বেলায় নিজের আবেগ সামলানো খুব কঠিন। আন্দ্রে রাসেলের মতো ইস্পাতদৃঢ় মানসিকতার মানুষও গতকাল বুধবার সেটা পারলেন না।

নিজ দেশ জ্যামাইকাতেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন, সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু আগেই জানিয়েছিলেন রাসেল। জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তাঁর শেষ ম্যাচ। ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা ওয়েস্ট ইন্ডিজ রাসেলের বিদায়টা রাঙাতে পারেনি, অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৮ উইকেটে।

তবে বিদায়লগ্নে হার-জিতকে খেলার অংশ হিসেবেই দেখছেন রাসেল। ৩৭ বছর বয়সী তারকা বলেছেন, ‘ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। কিন্তু এটাই ক্রিকেট। দিন শেষে আমি খুশি। গত দুই ম্যাচে দর্শকেরা ছিল অসাধারণ। আমরাও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দুঃসময় চলছে। দলটি যেন জিততেই ভুলে গেছে। আর ৭ মাস পরেই আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে তাঁর অভিজ্ঞতাকে নিশ্চয় কাজে লাগাতে চাইত ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু বিশ্বকাপের আগেই কেন অবসর নিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন রাসেল, ‘আমার মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময় এসেছে এবং এখান থেকেই ছেলেরা (ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে) এগিয়ে নেবে। দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে। (রোমারিও) শেফার্ড বেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। (শেরফান) রাদারফোর্ড, আলজারি (জোসেফ) এবং (জেসন) হোল্ডারের মতো খেলোয়াড়ও দলে আছে।’

রাসেল টেস্ট খেলেছেন মাত্র একটি। ওয়ানডে খেলেছেন ৫৬টি, যার শেষটি বাংলাদেশের বিপক্ষে ২০১৯ বিশ্বকাপে। বিশ্ব ক্রিকেট তাঁকে মনে রাখবে মূলত টি-টোয়েন্টির জন্যই।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তো বটেই, ওয়েস্ট ইন্ডিজকেও কয়েকটি ম্যাচ জিতিয়েছেন ‘ওয়ান ম্যান আর্মি’ হয়ে। অনেক স্মরণীয় পারফরম্যান্সের মধ্যে মুম্বাইয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে স্তব্ধ করে দেওয়া ইনিংটাই (২০ বলে অপরাজিত ৪৩) তাঁর ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলে কদিন আগে জানিয়েছিলেন ।

আজ জানালেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় (২০১২ ও ২০১৬) নিয়ে নিজের গর্বের কথাও, ‘আমার মনে পড়ছে দুইবার বিশ্বকাপ জয়ের পর আমাদের পতাকা কতটা উঁচুতে উড়েছে।’

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে পারায় সবার প্রতি কৃতজ্ঞ রাসেল, ‘স্যাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পেরেছি। স্থানীয় দর্শক, পরিবার ও বন্ধুদের সামনে খেলেছি। এই সুযোগ করে দেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। আপনাদের সমর্থন পেয়ে আমি কৃতজ্ঞ। আশা করি দলের এগিয়ে যাওয়ার জন্য আপনারা এভাবেই সমর্থন দিয়ে যাবেন।’

বুধবার পাওয়ারপ্লেতে দুই ওপেনার গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শকে আউট করে অস্ট্রেলিয়াকে কিছুটা চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে জয়ের পরিস্থিতিও তৈরি হতে পারত।

কিন্তু ক্যারিবীয় ফিল্ডাররা তিনটি ক্যাচ মিস করেন। রাসেল নিজেও ফেলেছেন একটি ক্যাচ। ‘জীবন’ পাওয়ার পর সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছেন জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন। দুজনের অবিচ্ছিন্ন ১৩১ রানের রেকর্ড জুটি ওয়েস্ট ইন্ডিজকে হতাশায় ডোবায়।

রাসেলের বিদায় জয়ে রাঙাতে না পারার দায়টা তাই নিজেদেরই দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। তিনি বলেছেন, ‘কঠিন ম্যাচ ছিল। আমাদের প্রস্তুতি ভালো ছিল। শুরুটাও দারুণ হয়েছিল। কিন্তু এটাই খেলার বাস্তবতা। এর জন্য শুধু নিজেদেরকেই দুষতে পারি। আপনাকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। যদিও এটা খেলারই অবিচ্ছেদ্য অংশ।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা