সংগৃহীত
খেলা

মেসির জাদুতে মিয়ামির জয়, যেন কাতার বিশ্বকাপের মুহূর্ত

ক্রীড়া ডেস্ক

এবার ইন্টার মিয়ামির জার্সিতে প্রায় আড়াই বছর আগের কাতার বিশ্বকাপের স্মৃতি ফেরালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফ্রান্সের বিপক্ষে ম্যাচের মতোই আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষেও সমান দুটি গোল করেছেন মেসি। দলও জিতিয়েছেন। বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের গোলরক্ষক ছিলেন হুগো লরিস, এই ম্যাচেও লস অ্যাঞ্জেলেসের গোলরক্ষক হয়ে খেলেছেন তিনিই।

লরিস যেমন বিশ্বকাপে মেসিকে থামাতে পারেননি, তেমনি এবারও পারেননি। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মিয়ামির কোচ হ্যাভিয়ের মাচেরানো উল্লাসে মুষ্টি আকাশে ছুঁড়ে দেন।

একটি জায়গায় পার্থক্য আছে। আগেরটি বিশ্বকাপের ফাইনাল হলেও আজকের ম্যাচটি ছিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। তবে এই ম্যাচে জিততেই হতো মিয়ামিকে। কেননা প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল মেসিরা। এমনকি দ্বিতীয় লেগের শুরুতেই গোল করে ব্যবধান ২-০ করে ফেলেছিল লস অ্যাঞ্জেলেস।

তবে সব অনিশ্চিয়তা দূর করে নাটকীয়ভাবে তিন গোলের প্রত্যাবর্তনের মাধ্যমে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ সেমিফাইনালে পৌঁছে গেছে মিয়ামি। দ্বিতীয় লেগে জিতেছে ৩-১ ব্যবধানে। আর দুই লেগ মিলিয়ে মেসিরা জয় পেয়েছেন ৩-২ ব্যবধানে।

বৃহস্পতিবার মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ৯ মিনিটে অ্যারন লংয়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লস অ্যাঞ্জেলস। এতে দুই লেগ মিলিয়ে ব্যবধান ২-০ করে তারা। এর মানে দাঁড়ায়, মিয়ামিকে অন্তত তিনটি গোল করতে হবে। যা তখন অসম্ভবই মনে হচ্ছিল। কিন্তু মেসি থাকলে অসম্ভবও সম্ভব হয়।

৩৫ মিনিটে মেসি গোলের শুভসূচনা করেন। ১৮ গজ বক্সের সামনে থেকে বাম পায়ে দুর্দান্ত শটে গোল করে ম্যাচ ১-১ সমতায় আনেন এবং মিয়ামিকে নতুন করে আশা দেন। এটি ছিল মিয়ামির হয়ে মেসির ৪৮ ম্যাচে ৪১তম গোল।

৬১ মিনিটে নোয়া অ্যালেন মিয়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এক অপ্রত্যাশিত গোলে। বক্সে একটি বল চিপ করে ফেডেরিকো রেডোনদোর দিকে বাড়ান তিনি। লস অ্যাঞ্জেলসের গোলরক্ষক লরিস ভেবেছিলেন, রেডোনদো বলটি নেবেন। তাই তিনি গোললাইন ছেড়ে এগিয়ে আসেন, কিন্তু বলটি ঘাসে লেগে উল্টো দুজনকে ছাড়িয়ে পোস্টে ঢুকে যায়।

৬৭ মিনিটে মেসির পাস থেকে লুইস সুয়ারেজ হেডে গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

মিয়ামি জয়ের লক্ষ্যে আক্রমণ চালিয়ে যেতে থাকে। ৮৪ মিনিটে একটি পেনাল্টি পেয়ে যায় তারা। হ্যান্ডবলের আবেদন করে সফল হয় মিয়ামি। ভিএআর চেকের পর পেনাল্টি দেন রেফারি। মেসি নির্ভুলভাবে তা গোলে রূপান্তর করেন। এতে মিয়ামি এগিয়ে যায় ৩-১ ব্যবধানে, সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে।

গোলরক্ষক অস্কার উস্তারি শেষ মুহূর্তে দুইটি দুর্দান্ত সেভ করে মিয়ামিকে বাঁচিয়ে দেন। সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ মেক্সিকোর ক্লাব পুমাস বা ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা