মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জান্না বাজারের সার ব্যবসায়ী সানোয়ার হোসেনের দোকানে ভেজাল ডিএপি সার বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে সারের নমুনা পরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭ ধারা অনুযায়ী ব্যবসায়ী সানোয়ার হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে পাঁচ বস্তা ভেজাল সার জব্দ করা হয়।
অভিযানে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, ফুকুরহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সাটুরিয়া থানা-পুলিশের একটি দল এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে সারের মান নিশ্চিত করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে। ভেজাল সার বা বীজ বিক্রি করে কৃষকদের প্রতারিত করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন কৃষি মৌসুমে ভেজাল সার বিক্রি বন্ধ এবং কৃষকদের সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
আমার বাঙলা/ রাব্বি