জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, একাত্তরে যারা মা-বোনদের পর নির্যাতন চালিয়েছে, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত ছিল, সেই রাজাকারদের রাজনৈতিক গুষ্টিকে বর্জন করতে হবে।
অন্যথায় বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। শনিবার (১৮জুলাই) বিকেলে উপজেলার গাঙ্গুলকান্দি ভূইয়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত "নব দিগন্ত ক্লাবের মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে।
তাই নতুন প্রজন্মের সামনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে, যাতে তারা দেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে। সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার "সবার আগে দেশ "নীতিতে কাজ করে যাচ্ছে।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে যার সুফল জনগণ পেতে শুরু করেছে। নব দিগন্ত ক্লাবের চেয়ারম্যান প্রফেসর মুস্তাক আহমেদ ভূঁইয়ার সভাপতিতে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, এবং মনোহরদী উপজেলা বিএনপি'র সদস্য ও সচিব আমিনুর রহমান সরকার দুলন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী ৪০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।
আমার বাঙলা/ রাব্বি