বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রকোনার মদন উপজেলা ও পৌর সভার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ শামীম হাসানকে উপজেলা কমিটির সভাপতি ও সাইমন আকন্দ লিমনকে সাধারন সম্পাদক এবং মেহেদী হাসান পৌর কমিটির সভাপতি ও আব্দুল বারী হীরাকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
জানা গেছে, মদন উপজেলা ছাত্রদলের কমিটি গঠনের আলোচনা শুরু থেকেই সভাপতি ও সম্পাদক পদে প্রত্যেকেই জেলা নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন। জেলা ছাত্রদল উপজেলা ও পৌর কমিটি গঠন করতে সম্মেলনের জন্য মদন উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটিকে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী গত ১৪জুন মদন উপজেলা পাবলিক হলে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা প্রার্থিতা ঘোষণা করেন। পরে দীর্ঘ পর্যালোচনা করে জেলা কমিটি রোববার ৫ জুলাই রাতে উপজেলা ও পৌর আংশিক কমিটি প্রকাশ করা হয়। এদিকে নতুন কমিটি ঘোষণার পর উপজেলা, পৌর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মীরা।