পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা।
এ সময় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন এবং নারী প্রতিনিধি সুমি আক্তার।
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে সম্পূর্ণ ভিত্তিহীন মামলায় আবদুস ছালাম শেখ ও হাসিব শেখকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁরা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দুই নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, দ্রুত তাঁদের মুক্তি ও মামলা প্রত্যাহার করা না হলে স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
আমার বাঙলা/ রাব্বি