ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার চাড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, রাতে অজ্ঞাতনামা ৬-৭ জনের একটি ডাকাত দল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্র ও ভয়ভীতি প্রদর্শন করে শাহআলম শিকদার, তাঁর স্ত্রী এবং তাদের একমাত্র কন্যাসন্তানের হাত, পা ও চোখ দড়ি দিয়ে বেঁধে ফেলে।
এরপর ডাকাত দল পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন লুটে নেয়। ডাকাতি শেষে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে আজ সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এলাকায় এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।