মশা নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই পদ্ধতি খুঁজতে দেশীয় উদ্ভাবনকে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি সিটি করপোরেশনগুলোকে নতুন প্রযুক্তি ও স্থানীয়ভাবে উদ্ভাবিত পদ্ধতিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োগের আহ্বান জানান।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত ‘মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি’ বিষয়ক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, মশা নিধনে প্রচলিত পদ্ধতির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনকে গুরুত্ব দিতে হবে। কার্যকর প্রমাণিত হলে এসব পদ্ধতি সিটি করপোরেশনের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যেতে পারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কাজে আসছে না। তবে দেশীয় রাসায়নিক ব্যবহার করে যে প্রযুক্তি নিয়ে কথা হচ্ছে, সেটি সম্ভাবনাময়।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া বিস্তারের বর্তমান মৌসুমে মশার লার্ভা নিধন করাই প্রধান কাজ। নতুন উদ্ভাবিত প্রযুক্তির পরীক্ষামূলক কাজ করা গেলে মশা নিধনে সিটি করপোরেশন এবং উদ্ভাবকদের যৌথ কর্মসূচি সফল হবে।
আমার বাঙলা/ রাব্বি