নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে আয়োজিত মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটে।
আনন্দ মিছিলটি রায়পুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলের দিকে এগিয়ে যায়। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে মিছিলটি রায়পুরা গার্লস হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক ও মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি, উন্নয়ন এবং গণতন্ত্রের পুনর্জাগরণের পথে নতুন যাত্রা শুরু করেছে। আমরা একটি নতুন বাংলাদেশের নতুন ভোরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।”
তিনি বলেন, রায়পুরার আপামর জনগণ ভালোবাসা ও আস্থা রেখে তাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। এই দায়িত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রায়পুরার চরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়নে যেকোনো দায়িত্ব পালনে তিনি প্রস্তুত।
আশরাফ উদ্দিন বকুল বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে মেধা ও প্রযুক্তিনির্ভর দক্ষতার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। একজন প্রকৌশলী হিসেবে তারেক রহমানের ‘স্মার্ট ও স্বনির্ভর বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে জাতীয় অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক গঠনে নিজের সর্বোচ্চ কারিগরি মেধা কাজে লাগাতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের রাজনৈতিক অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা তাকে প্রান্তিক জনগোষ্ঠীর সুখ-দুঃখের সঙ্গে গভীরভাবে যুক্ত করেছে। রায়পুরার মতো ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় অঞ্চলকে আধুনিক মডেল জনপদে রূপান্তরের পাশাপাশি জাতীয় পর্যায়েও প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার সমন্বয়ে উন্নয়নমূলক কাজ করতে হবে।
মন্ত্রিত্ব প্রসঙ্গে তিনি বলেন, “মন্ত্রিত্ব কোনো পদ-পদবি বা ক্ষমতার অলংকার নয়; এটি জনগণের আমানত এবং সেবা করার মহান সুযোগ।” তিনি স্বচ্ছতা, সততা ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতের টেকসই রূপান্তর নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নীতি ও উন্নয়ন পরিকল্পনা দেশের তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি দিনরাত কাজ করে যাবেন।
দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি তাকে জাতীয় মন্ত্রিসভায় দেশসেবার কোনো দায়িত্ব অর্পণ করেন, তাহলে নিজের মেধা, অভিজ্ঞতা ও সততা দিয়ে রায়পুরাসহ সমগ্র বাংলাদেশের মানুষের আস্থার প্রতিদান দিতে পারবেন বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান। সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস ও প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়েও তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএন জামান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক ভূঁইয়া মোহন, পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতু, জেলা বিএনপির সদস্য কাজী আসাদুর রহমান মিলনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, আলফাজ উদ্দিন মিঠু, নুর আহমেদ চৌধুরী মানিক, আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, আল আমিন ভূঁইয়া মাসুদ, আব্দুল বাছেদ, উপজেলা বিএনপির সদস্য ডা. মাহবুবুর রহমান, কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ ও সাধারণ সম্পাদক আসমা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান মোল্লা, সদস্যসচিব মইনুল সরকার, উপজেলা তাঁতীদলের সভাপতি হুরমুজ মোল্লা, সদস্যসচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ, সদস্যসচিব শহীদুল ইসলাম, রায়পুরা তাঁতীদলের সভাপতি ডা. শহিদুল ইসলাম চান মিয়া, সদস্যসচিব মো. বাদল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নিলক্ষা ইউনিয়ন বিএনপির সভাপতি আজগর মোল্লা, বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার ছন্দু, বিএনপি নেতা ডা. আওলাদ হোসেন, রায়পুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি জলিল মিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা জনসভায় অংশ নেন।
আমার বাঙলা/ রাব্বি