প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
এ সময় প্রধানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রণয়নাধীন নীতিমালা সম্পর্কে সম্পাদকদের অবহিত করেন এবং এ বিষয়ে তাঁদের সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়নে সম্পাদকদের মতামত গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত পরিবেশকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ও যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম এবং মানবকণ্ঠ-এর সম্পাদক শহিদুল ইসলাম।
বৈঠকে সরকার ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং স্বাধীন গণমাধ্যমের বিকাশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আমার বাঙলা/ জামান