বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছে অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর এবং ঝড় হতে পারে বাংলাদেশের উপকূলীয় এলাকায়।
এ পরিস্থিতিতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টারের এর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় এলাকায় গভীর নিম্নচাপ আকারে (২১.২০ উত্তর অক্ষাংশে এবং ৮৮.১০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।
নিম্নচাপটি সোমবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৩০ কিলোমিটার পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৬০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সোমবার সন্ধ্যা নাগাদ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে এটি। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আমার বাঙলা/ হুমায়রা